জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসুদের উপর হামলার সাথে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারী দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরে ধানসিঁড়ি গেস্ট হাউসের এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারী দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হাসিনা সরকার পতনের এক দফার ঘোষক আবদুল হান্নান মাসুদ। তিনি ৫ আগস্টের আগে একাধিক বার রাজপথে হামলার শিকার হয়েছেন। আজ তাকে তার নিজ জন্মভূমি হাতিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলার শিকার হতে হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

তিনি আরো জানান, আবদুল হান্নান মাসুদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার উপর হামলা করা হয়। হামলার ঘটনায় সরাসরি বিএনপির নেতাকর্মীরা জড়িত। তারা ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় আবদুল হান্নান মাসুদসহ আমাদের ৫৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বাইরে পাঠানো হয়েছে।’

‘এদিকে, হামলার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও বিএনপির পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ কিংবা নিন্দা প্রকাশ করা হয়নি। এতে আমরা মনে করছি এ ঘটনাটি বিএনপি পরিকল্পিতভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেছি বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী এ হামলার সাথে জড়িত ছিলেন। আমরা তাদের নাম উল্লেখ করে ইতোমধ্যে থানায় তাদের নামে মামলা করেছি,’ বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য মোহাম্মদ ইউসুপ, তৌহিদুর রহমান, মো: ইসমাইল ও হাসিদুর রহমান।