যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে শহরের মধুমতি প্রাইভেট হাসপাতালে সদ্যজাত মেয়ে ও স্ত্রীকে দেখতে গেলে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। শামীম রেজা গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।
শামীম রেজার ছোট ভাই ছাত্রলীগ নেতা ফয়সাল রানা বলেন, শুক্রবার শহরের মধুমতি প্রাইভেট ক্লিনিকে ভাইয়ের স্ত্রী সিজারের মাধ্যমে মেয়ে সন্তানের জন্ম দেন। ভাই সেখানে মেয়ের কাছেই ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজের নেতৃত্বে পুলিশ হাসপাতালে মেয়ে কোলে নিয়ে অবস্থান করা অবস্থায় তাকে গ্রেফতার করে নিয়ে যান। আমরা জানতে চাইলেও কোন মামলায় পুলিশ তাকে গ্রেফতার করছে সেটা বলেননি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, শহরের ফুডল্যান্ড নামে একটি রেস্টুরেন্টের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ তার নামে একটি চাঁদাবাজি মামলা করেন। মামলা নথিভুক্ত হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ওসি জানান, করোনা পরিস্থিতির কারণে আদালত দুপুর ১টা পর্যন্ত চলছে। এজন্য রোববার তাকে আদালতে পাঠানো হবে। তবে শামীম রেজার বাবা উপজেলা আওয়ামী লীগের সদস্য আওরঙ্গজেব চুন্নু দাবি করেন, এটি একটি সাঁজানো মামলা। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে যশোর জেলার সকল হোটেল-রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে ওই রেস্টুরেন্টটি খুললো কিভাবে? আর আমার ছেলে সেখানে চাঁদাবাজিই বা করলো কিভাবে?।









