বিয়ের আসরে একমাত্র মেয়েকে বরের হাতে তুলে দিয়ে তাদের বিদায় দেন মা জেসমিন বেগম (৪৫)। বর পক্ষের লোকজন চলে যাবার পর মেয়ের মা ঘরে গিয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
এ ঘটনার পর একনিমিষেই বিয়ে বাড়ির সকল আনন্দ বন্ধ হয়ে শোকের বাড়িতে পরিনত হয়েছে।
ঘটনার একদিন পর শনিবার সকালে মায়ের মৃত্যুর খবর জানতে পারেন নববধূ এমি আক্তার (১৯)।
ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল দিঘিরপাড় গ্রামে।
শনিবার সকাল দশটার দিকে মৃত জেসমিন বেগমের জানাজা শেষে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের হারুন হাওলাদারের মেয়ে এমি আক্তারকে (১৯) দিয়াশুর গ্রামের এক যুবকের সাথে বিয়ে দেয়া হয়। উভয় পরিবারের সম্মতিতে ক্ষুদ্র পরিসরে শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে কনেকে নিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওয়া দেয় বরযাত্রী। এরপর মা জেসমিন বেগম তার একমাত্র মেয়েকে বিয়ে দেয়ার পর ঘরে গিয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওই দিন সন্ধ্যায় তাকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।







