নোয়াখালী জেলার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। দিনে মাত্র এক ঘণ্টা করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের সুযোগ দেয়ায় স্থানীয়দের অনেকটা প্রতিযোগিতা করে নমুনা দিতে হচ্ছে। এতে চরমভাবে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি।
শনিবার সকালে ভোগান্তির শিকার তোফুরা খাতুন নামের এক রোগীর স্বজন জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে ‘আজ আর করোনা পরীক্ষা করা যাবে না’ জানিয়ে রোগী ফিরিয়ে দেয়া হয়। তখন তারা শনিবার সকাল ১০টার আগে আসতে বলে। শনিবার সকালে নির্দিষ্ট বুথে রোগী নিয়ে এলে দেখা যায় কাদা-জলে একাকার কেন্দ্রে প্রবেশের পথ। অনেক কষ্টে রোগীকে জীবনের ঝুঁকি নিয়ে অক্সিজেন খুলে রেখে তার স্বজনরা কোলে কড়ে করে নমুনা দিতে কেন্দ্রে প্রবেশ করেন। একইভাবে নমুনা দিতে আসা অনেক রোগী বলেন, করোনার নমুনা দিতে নির্দিষ্ট কেন্দ্রে এলে আগে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ৫ টাকা মূল্যের টিকিট কাটতে হয়। তারপর আবার রোগী নিয়ে নমুনা সংগ্রহে রুমে ১০০ টাকা ফি দিয়ে একটি ফরম পূরণ করতে হয়। এরপর আবার রোগী নিয়ে লাইনে দাঁড়িয়ে নমুনা দিতে হয়।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খন্দকার মোশতাক আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে জায়গা না থাকায় মহিলা কলেজে করোনা পরীক্ষা নমুনা সংগ্রহের ভ্রাম্যমাণ বুথ দেয়া হয়। এর চেয়ে ভালো সুযোগ-সুবিধা সম্পন্ন জায়গার ব্যবস্থা করা যায়নি।