ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জালাল সিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে জমিতে পরে থাকা জালালকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালাল সারেঙ্গল গ্রামের আব্দুর রশিদ সিকদারের ছেলে।

জালালের চাচাতো ভাই আবু সুফিয়ান মিন্টু বলেন, আমন বীজ রোপণের জন্য সকালে নিজের জমি চাষাবাদ করতে যান জালাল সিকদার। আগে থেকেই জমিতে ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গেলে হাতে ও গলায় জড়িয়ে ছিটকে পড়ে যান জালাল। পাশের জমিতে কাজ করা শ্রমিকরা জালালকে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দিলে তারা গিয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষণা করেন। পরে লাশ স্বজনরা বাড়িতে নিয়ে যান।

কেওড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো: উজ্জল খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারো কোনো আপত্তি না থাকায় তাকে ময়নাতদন্ত ছাড়াই দফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।