শিশুর শ্লীলতাহানির অভিযোগে শ্রম অধিদফতরের রাজশাহীর উপ-পরিচালক (ডিডি) মনিরুল আলম ওরফে বরিককে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলায় সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সোমবার সকালে আট বছরের এক মেয়ে শিশু নগরীর লক্ষীপুর ঝাউতলা এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। সে পানিতে সাঁতার কাটছিল। ওই পুকুরে মনিরুলও গোসল করতে নামেন। তখন পানিতেই মনিরুল আলম তাকে শ্লীলতাহানি করেন। এরপর বাড়ি গিয়ে শিশুটি তার মাকে ঘটনাটি খুলে বলে। তখন ওই শিশুর মা এর প্রতিবাদ জানাতে অভিযুক্তের বাসায় যান। এ নিয়ে শ্রম অধিদফতরের কর্মকর্তার সাথে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। পরে এলাকায় ঘটনাটি জানাজানি হলে প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেন।
এরপরে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কর্মকর্তাকে থানায় নেয়।
ওসি আরো জানান, এ ঘটনায় সোমবার বিকেলে ওই শিশুর মা অভিযুক্ত কর্মকর্তাকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলায় মনিরুল আলমকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।









