মানিকগঞ্জের সিংগাইরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাহাত (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুস সালাম (২৬) নামে আরো একজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার ঋষিপাড়া ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা হয়।

নিহত রাহাত উপজেলার গোবিন্দল কৃষানপাড়া গ্রামের মাওলানা মো: ইউসুফ মিয়ার ছেলে। আহত সালাম নিহতের চাচাত ভাই ও একই এলাকার মো: আইয়ূব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রাহাত ও তার চাচাতো ভাই সালাম মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঋষিপাড়া এলাকায় পৌঁছলে একটি বাসকে ওভারটেক করতে যায়। এ সময় মানিকগঞ্জগামী দ্রুত গতির সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক রাহাত ছিটকে পড়ে রাস্তার দক্ষিণ পাশের রেলিংয়ে মাথায় মারাত্মক আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাথে থাকা অপরজন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের দু’জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন, সালামের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।

এ ব্যাপারে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জহিরুল হক বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।