দৈনিক নয়া দিগন্তে খবর প্রকাশের পর ১০ বছরেরও বেশি সময় ধরে বাথরুমের সেফটি ট্যাংকির উপর বসবাসকারী সেই অসহায় ভূমি ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের ঘর দিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হেসেন সিদ্দিকী।
বুধবার বিকেল ৩টায় তিনি উপজেলার কপিলমুনির কাশিমনগর বাজার সংলগ্ন আবাসন প্রকল্পের ঘরের চাবি বুঝে দেন মফিজুলের বৃদ্ধা নানী জবেদা বেগমের (৭০) কাছে।
উল্লেখ্য, উপজেলার কপিলমুনির নাছিরপুরের অসহায় ভূমি ও গৃহহীন মফিজুল দম্পতি মা-বাবা, বোন, একমাত্র শিশু ছেলে ও তার নানীদের নিয়ে দীর্ঘ দিন যাবৎ স্থানীয় একটি বাড়ির সেফটি ট্যাংকির উপর খুপড়ি বেঁধে বসবাস করে আসছিল।
তাদের অসহায় জীবন-যাপনের বিষয়টি নিয়ে দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুলদের খুঁজে নিয়ে মুজিববর্ষের জমিসহ ঘর প্রদান করলেন।
গৃহ ও ভূমিহীন হিসেবে ঘর পেয়ে মফিজুলের নানী জবেদা বেগম (৭০), মা হাসিনা বেগম (৪৫) আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন। জীবনে তাদের ৩ পুরুষ কখনো নিজেদের ঘরে থাকেনি। সারাটা জীবন আজ একজনের বারান্দায় কাল আরেকজনের বারান্দায় জীবন কাটিয়েছেন। একেবারেই নিজের করে পাওয়া ঘরে চুমু খেতে শুরু করেন তারা। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ইউএনও খালিদ হোসেনের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। নিজেদের করে পাওয়া ঘরে তারা বিকেলে রীতিমত ছুটা-ছুটি শুরু করে দেন।





