বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ড থেকে এক হোমিও চিকিৎসকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার তার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত অধ্যাপক (অব.) ডা: মো: মঞ্জুর মোর্শেদ (৭০) কাশিপুর এলাকার নব বায়ো-হোমিও চিকিৎসালয়ের স্বত্বাধিকারী। তিনি অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার ছেলে জগলুল মোরশেদ প্রিন্স নগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্বজনদের দাবি, ডা: মো: মঞ্জুর মোর্শেদ বুধবার রাতে বাসায় একা ছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বাসার পেছনের জানালার একটি গ্রিল ভাঙা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পান। পাশাপাশি তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন ছিল।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। সেইসাথে তার নাক-মুখে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
তিনি আরো জানান, সিআইডির টিম ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।









