বগুড়ায় চীনের তৈরি সিনোফার্মের টিকা প্রদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। টিকা না পেয়ে ফিরে গেছেন অনেক মানুষ। অনেকেই এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে গিয়েও টিকা নিতে পারেননি।

বৃহস্পতিবার শহরের তিনটি কেন্দ্রে থেকেই টিকার জন্য এসে অনেকেই ফিরে গেছেন। জেলার অন্য উপজেলাগুলোতেও একই চিত্র দেখা গেছে। তবে অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম চলেছে।

বগুড়ার সিভিল সার্জন ডা: গওসুল আজিম চৌধুরী জানান, ঘাটতি থাকায় সিনোফার্মার টিকার প্রথম ডোজ আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রথম ডোজ বন্ধ থাকলেও ১৪ আগস্ট থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, বগুড়ায় মেডিক্যালে শিক্ষার্থী ও স্টাফদের ওপর প্রয়োগের মাধ্যমে গত ১৯ জুন সিনোফার্মার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এরপর এক জুলাই সাধারণ মানুষকে টিকার আওতায় আনা হয়। এছাড়া গত ৭ আগস্ট জেলার ১০৯টি ইউনিয়নের সবগুলোতে এবং ১২টি পৌরসভার মধ্যে দু’টিতে গণটিকা কার্যক্রম শুরু করা হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে বগুড়ায় সিনোফার্মার মোট এক লাখ ৯৯ হাজার ৬০০ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে। তার মধ্যে ১১ আগস্ট পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৯৪৮ ডোজ টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে বগুড়া সদর উপজেলাতেই ৪৯ হাজার ডোজ টিকা দেয়া হয়েছে।