রংপুরের পীরগাছায় পরকীয়ায় বাধা দেয়ায় হাজেরা বেগম (৩৬) নামে তিন সন্তানের মাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা পারুল ইউনিয়নের গুঞ্জর খাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর পরিবার বিষয়টি আত্মহত্যা বলে জানালেও ভাই বলছে, আমার বোনকে কৌশলে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী সাহেব আলী পলাতক।
হাজেরা বেগম ওই গ্রামের কীটনাশক ব্যবসায়ী সাহেব আলীর স্ত্রী ও পাশর্^বর্তী কল্যাণী ইউনিয়নের তালুক উপাসু গ্রামের মৃত হাকিম উদ্দিনের মেয়ে।
নিহতের ভাই ফজর আলী বলেন, সাহেব আলী দীর্ঘদিন থেকে পরকীয়ায় আসক্ত। তাদের সংসারে তিনটি মেয়ে সন্তান রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রী উভয়ের মাঝে দীর্ঘদিন থেকে ঝগড়া বিবাদ চলে আসছিল। বুধবার রাতেও এ ঘটনাকে কেন্দ্র করে হাজেরা বেগমকে মারপিট করে সাহেব আলী। বৃহস্পতিবার রাতে আবারো বিষয়টি নিয়ে ঝগড়া হলে হাজেরা বেগমকে বেদম মারপিট করে স্বামী ও তার পরিবারের লোকজন। এতে হাজেরা বেগম অচেতন হয়ে পড়লে তার মুখে কীটনাশক ঢেলে দিয়ে রাত ২টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে হাজেরা বেগম মারা যান। হাজেরার মাথা, ঘাড়, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাকে কৌশলে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে স্বামীর পরিবার।
ওসি আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।





