নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গা নিয়ে চট্টগ্রামের সামুদ্রিক এলাকায় একটি ট্রলার ডুবে গেছে।

শুক্রবার দিবাগত রাতে ৪১ রোহিঙ্গা নিয়ে কক্সবাজার যাবার পথে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। এ সময় ১৪ জন রোহিঙ্গাকে মাছধরার ট্রলারে থাকা জেলেরা উদ্ধার করে। তবে এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন।

ভাসানচর ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে কান্ট্রিবোটে করে ৪১ রহিঙ্গা পালিয়ে যায়। চট্টগ্রামের সমুদ্র সীমানায় ট্রলারটি প্রবল স্রোতের মুখে উল্টে রোহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হয়। শনিবার ভোর রাতে মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছেন আরো ২৭ জন। উদ্ধারের পর ১৪ রোহিঙ্গাকে ভাসানচরে পৌঁছে দেয় জেলেরা।

এদিকে নিখোঁজদের এখনো সন্ধান পাওয়া যায়নি। তবে তাদের উদ্ধারে নৌবাহিনী, কোস্ট গার্ড ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

ভাসানচর ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার সুজিত কুমার চন্দ ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, ভোররাতের দিকে জেলেরা ১৪ রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকীদের উদ্ধারে কোস্ট গার্ড, নৌবাহিনীর সদস্যদের অভিযান এখনো চলছে।