স্থানীয় মসজিদের মাইক থেকে আহ্বান শুনে রাস্তার পাশের খাদে উল্টে পড়া বাসের আহত যাত্রীদের উদ্ধার করেছে এলাকাবাসী।

সোমবার ভোরে খুলনার পাইকগাছা উপজেলার কেশবপুরের আলতাপোল গ্রামে ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, ঢাকা থেকে পাইকগাছাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।
এ সময় মসজিদের মাইক থেকে আহ্বান করলে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি টিম যাত্রীসহ তাদের মালামাল উদ্ধার করে। এ ঘটনায় আহত হন বাসের অন্তত ১১ যাত্রী। যাদের মধ্যে চারজন নারী, দুজন পুরুষ। আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে ২ নারীর অবস্থা গুরুতর বলে জানানো হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল তালতলা মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ফেরার পথে মুসল্লিরা বাসটিকে খাদে উল্টে যেতে দেখে মসজিদের মাইকে দুর্ঘটনার খবর প্রচার করে। এ সময় স্থানীয়দের ১০ থেকে ১২ জন ঝাঁপিয়ে পড়ে অর্ধেকের বেশি যাত্রীকে উদ্ধার করেন। এরপর খবর পেয়ে চুকনগর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের যশোর, মনিরামপুর ও খুলনার ডুবুরি টিমসহ ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে বাসের বাকি যাত্রী ও তাদের মালামাল উদ্ধার করে।

উদ্ধার হওয়া যাত্রীদের অনেকেই জানান, বাসচালক ও সুপারভাইজার একটি ট্যাবে ভিডিও দেখছিলেন। বিষয়টি বুঝতে পেরে অনেকেই তাদের সতর্ক করলেও তারা তাদের কথায় কোনো প্রকার কর্ণপাত না করে তাদের আপন মনে গাড়ি চালাতে থাকেন।

এ বিষয়ে চুকনগর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের মধ্যে উল্টে পড়লে কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সর্বশেষ হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।