ময়মনসিংহের গফরগাঁওয়ে শিববাড়ী বাজারের মুদির দোকানে এক প্রতিবন্ধী তরুণীকে (১৫) ধর্ষণের অভিযোগ রতন মিয়া (৫৫) নামে এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় গফরগাঁও থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রতন মিয়াকে শনিবার দুপুরে গ্রেফতার করেছে থানা পুলিশ।
অভিযুক্ত রতন মিয়া উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের শিববাড়ি বাজার এলাকার মৃত সূর্যত আলীর ছেলে।
তরুণীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের শিববাড়ী বাজারে বিস্কুট কিনতে যায় প্রতিবন্ধী তরুণী। বাজারে আর কোনো দোকান খোলা ছিল না। এ সুযোগে মুদি দোকানদার রতন মিয়া ওই প্রতিবন্ধী তরুণীকে দোকানের পেছনে নিয়ে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষণ করে। পরে কাউকে কোনো কিছু না বলার জন্য প্রতিবন্ধী তরুণীকে ভয় দেখায়। পরে ওই তরুণী বাড়িতে ফিরে রাতে তার চাচী পারভীনকে ইশারা দিয়ে ঘটনার বর্ণনা করে। তরুণীর মাকে ঘটনাটি রাতেই চাচী পারভীন জানান।
শনিবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষিতার মা হয়ে গফরগাঁও থানায় অভিযোগ করেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকূল সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত রতনকে গ্রেফতার করা হয়েছে। তরুণীকে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।









