টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নে প্রিন্স অ্যাডওয়ার্ড নামে এক আদিবাসী গণমাধ্যমকর্মীকে গাছে বেঁধে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রহিম আহমেদের বিরুদ্ধে।
জানা যায়, ইউপি চেয়ারম্যানের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে এস্বাবি নিউজ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের মধুপুর উপজেলা প্রতিনিধিপ্রিন্স অ্যাডওয়ার্ড বিল এলাকায় গেলে তাকে আটকে রেখে মারপিট করা হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রিন্স অ্যাডওয়ার্ড সংবাদ সংগ্রহের জন্য সকালে বিল এলাকায় এলে তাকে রহিম চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য ও তার বাহিনী মিলে গাছের সাথে বেঁধে মারপিট করে।
এ ঘটনায় সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবীগণ রহিম চেয়ারম্যানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।
তারা বেপরোয়া রহিম চেয়ারম্যান ও তার বাহিনীর শাস্তি কামনা করেছেন।
মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল জানান, আমি খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তাকে উদ্ধার করে নিয়ে এসেছি।









