পিরোজপুরের মঠবাড়িয়ায় চেতনানাশক ওষুধ খাইয়ে ননদ-ভাবিকে অচেতন করে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই দুই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের ভুক্তভোগীর ভাই রোববার রাতে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী ওই দুই নারী জানান, পূর্ব পরিচিত প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন খাঁ (৪০) নিয়মিত আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন। গত শনিবার আমরা ননদ (২৫) ও ভাবি (২৩) শিশুসন্তান নিয়ে বাড়িতে ছিলাম। ওই দিন বাড়িতে কোনো পুরুষ ছিল না। এই সুযোগে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন তাদের বাড়িতে এসে এলার্জি ও শ্বাস কষ্টের ওষুধের কথা বলে পানির সাথে চেতনানাশক ওষুধ খাওয়ান। খাওয়ার কিছুক্ষণ পর আমরা অচেতন হয়ে পড়ি।

এদিকে এক নারীর ভাই বাড়িতে ফোন দিয়ে কোনো খোঁজ খবর না পেয়ে বিষয়টি প্রতিবেশী ঝন্টু চন্দ্র বিশ্বাসকে জানান। পরে প্রতিবেশী ঝন্টু বিশ্বাস আরো লোকজন নিয়ে বাড়িতে এসে দেখেন ননদ-ভাবি অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

মঠবাড়িয়া থানার ওসি মুহা: নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।