মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৫টি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া নামাপাড়া এলাকায় গত গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেন, বালুচর ইউপি সদস্য ফারুক মেম্বার ও কামিজউদ্দিন কামু তার দল নিয়ে বালুচর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেনের বাড়িঘরসহ ১৫টি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর ও লুটপাট করা হয়েছে। এতে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন, স্থানীয় শিরি মিয়া, মজিবর মিয়া, মো: শহিদুল্লাহ, নূর ইসলাম, মো: জামাল, ফারুক মিয়া, মোহন মিয়া, সফুরা বেগম, শাদাত মিয়া ও শিউলি বেগম, আওলাদ হোসেন, হাবিউল্লাহ ও রবিউল্লাহসহ মোট ১৫ জনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় একাধিক নারী ও পুরুষ আহত হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সাত থেকে আটটি বাড়িঘর ভেঙেছে বলে আমরা খবর পেয়েছি। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।