মহেশপুরে প্রেমিকের সাথে বিয়ে না দেয়ায় প্রেমিক-প্রেমিকা বিষপান করেছেন। এতে প্রেমিকার মৃত্যু হয়েছে। তবে প্রেমিক এখনো জীবিত আছেন।

উপজেলার এস বিকে ইউনিয়নের বজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, বজরাপুর গ্রামের ঈদগাপাড়ার মশিয়ার রহমানের কলেজ পড়ুয়া ছাত্রী সাদিয়ার (১৮) সাথে একই গ্রামের হোসেন আলীর ছেলে আরিফুলের (২২) প্রেমের সম্পর্ক চলে আসছিল। মেয়ের পরিবার অন্য ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করায় গত শুক্রবার প্রেমিক বিষপান করেন। পরিবারের লোকজন তাকে কোটচাঁদপুর হাসাপাতালে ভর্তি করে।

এদিকে প্রেমিকের বিষপানের সংবাদ শুনে প্রেমিকা সাদিয়া শনিবার সন্ধ্যায় বিষপান করেন। তাকে কোটচাঁদপুর হাসপাতালে নিলে ডাক্তাররা যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেও তার অবস্থা অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোমবার সকালে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার এসআই রবীন্দ্রনাথ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

তিনি জানান, পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অনুমতিপত্র তারা পায়নি।