ময়মনসিংহের গফরগাঁওয়ে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে আলতাব উদ্দিন (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার উস্থি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আলতাব উদ্দিন উপজেলার উস্থি ইউনিয়নের বাঘেরগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ আলতাব উদ্দিন দুপুর আড়াইটার দিকে তার নিজ ঘরে সংস্কার কাজ করছিলেন। এ সময় মাটির ঘরের দেয়ালচাপা পড়েন তিনি। স্থানীয়রা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









