চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় ট্রাকের হেলপার শাকিল ইসলাম (২৮) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ড্রাইভার হাচান মাহামুদুর রহমান (৪৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৩৫)।

মঙ্গলবার ভোরে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি থেকে খুলনা যাওয়ার পথে কাজিরহাট এলাকায় একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে নিহত হয় নওগা সদর উপজেলার বেনি ফতেপুর গ্রামের মো: মজিবুর রহমানের ছেলে শাকিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী রকেট মেইল ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেলপার মারা যায়। গুরুতর আহত ব্যবসায়ী আনিছুর রহমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি উপজেলার উত্তর কেতকীবাড়ী ইউনিয়নের বোটের পাড় গ্রামের আবু বক্করের ছেলে।

দুর্ঘটনার পর থেকে চিলাহাটি-রাজশাহী ও চিলাহাটী-খুলনা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ করছে বলে জানান চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটি কিছুদূরে গিয়ে আটকে যায়। ট্রেনের ইঞ্জিনে ট্রাকের চাকা আটকে যায়। ইঞ্জিন ঠিক করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান।