সিলেটের গোলাপগঞ্জের সরকারি এমসি একাডেমি স্কুল মাঠে জানাজার নামাজ থেকে ফেরার পথে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে আটক করেছে পুলিশ।

সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ অসুস্থ অবস্থায় সিলেট শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই নেতার জানাজার নামাজ মঙ্গলবার বিকেলে উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজ থেকে ফেরার পথে বিএনপি নেতা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গোলাপগঞ্জ থানার এএসআই মো: মুনির আটক করেন।

এমরান আহমদ চৌধুরীর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানা ও সিলেট এয়ারপোর্ট থানায় পৃথক দু’টি ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

এমরান আহমদ চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মো: হারুনুর রশীদ চৌধুরী।