পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ১০ মণ ওজনের বিশাল আকৃতির ‘শাপলাপাতা’ মাছ।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মাসুম কোম্পানির একটি ফিশিং ট্রলার থেকে ফেলা জালে সোমবার সকালে ধরা পড়ে বিশাল আকৃতির এই শাপলাপাতা মাছটি।
মঙ্গলবার সকালে মাছটি বিক্রির জন্য তোলা হয় বাগেরহাট কেবি ফিসারি ঘাটের মৎস্য আড়তে। ৫২ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী জাহিদ সরদার ও জাকির সরদার। পরে দুপুরে মাছটি বিক্রির জন্য আনা হয় বাগেরহাট খানজাহান (রহঃ) মাজার হাটে।
খবর পেয়ে বিশালাকৃতির মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা। পরে মাইকিং করে বিশালকৃতির এ মাছটি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
একদিনেই মাছ বিক্রি করে বিক্রেতার অর্ধলাখ টাকার বেশি লাভ হয়েছে বলে জানান জাকির সরদার।
মাছ ব্যবসায়ী জাহিদ সরদার ও জাকির সরদার জানান, আমরা গত ৩০ বছরেও এমন বিশাল আকৃতির এই শাপলাপাতা মাছ দেখিনি। তাই মাছটি ৫২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছিলাম। ক্রেন দিয়ে ইঞ্জিনচালিত নছিমনে তুলে বাগেরহাট শহরতলীর কে আলী মাজার হাটে মাছটি নিয়ে আসি। পরে মাছটি কেটে ৩৫০ টাকা কেজি দরে দুই ঘণ্টাতেই বিক্রি করে ফেলেছি।









