রংপুরের পীরগাছায় রহস্যজনকভাবে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনায় তার চাচীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে ওই নারীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার পারুল ইউনিয়নের অভিরাম (ছিদাম) গ্রামের আব্দুল আজিজ (৯) নামের এক শিশু গত বুধবার দুপুরে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে না পেয়ে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের মাঝে সন্দেহ হলে ওই গ্রামের ফয়েজ উদ্দিন চৌধুরীর পুকুরে খোঁজাখুঁজি করে শিশুটির লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সেখানে সন্দেহ হলে ওই শিশুর চাচী নাজমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়।
শিশুটি অভিরাম গ্রামের (ছিদাম) পরিবহনচালক ওসমান গণির একমাত্র ছেলে। শিশু আব্দুল আজিজ তার মাকে হারিয়ে তার দাদীর কাছে থাকে।
এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) আব্দুস শুকুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর ঘটনা রহস্যজনক হওয়ায় তার চাচী নাজমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।





