রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাদশা শেখ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন নিহত কিশোরের বাবা নুরু শেখ (৫০) ও বড় ভাই কবির শেখ (২১)। তাদের বাড়ি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর দৌলতদিয়া আইনদ্দিন প্রামানিকের পাড়ায়।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পদ্মা নদীর চর কর্ণেশনা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় হতাহতরা নৌকাযোগে নদীতে জাল ফেলে ইলিশ মাছ শিকার করছিল।
জানা যায়, হঠাৎ চারদিক মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতসহ প্রচুর বৃষ্টি শুরু হয়। এর এক পর্যায়ে হঠাৎ তাদের নৌকার উপর বজ্রপাত হলে বাদশা শেখ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তার বাবা ও বড় ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল গাফফার।
তিনি মুঠোফোনে জানান, বজ্রপাতের পর আহত অবস্থায় নুরু শেখ ও তার ছেলে কবির নৌকা চালিয়ে তীরে আসেন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করেন। আহত দু’জনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।









