দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় মির্জাগঞ্জ হাসপাতালে করোনা পরীক্ষায় দ্বিগুণ অর্থ নেয়ার অভিযোগে সংবাদ প্রকাশের পর হাসপাতালে নমুনা পরিক্ষায় ১০০ টাকা করে নেয়ার লিফলেট লাগিয়েছে হাসপাতাল কৃর্তপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে গিয়ে দেখা যায়, মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালের তিন তলায় যে স্থানে বসে করোনার নমুনা সংগ্রহ করা হয়, সেই স্থানের দেয়ালে লাগানো আছে ‘কোভিট-১৯ পরিক্ষায় সরকারি নির্ধারিত ফি ১০০ টাকা’ করে নেয়া হয়। অথচ গত কয়েক মাস যাবৎ হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহের নামে দুই থেকে তিন শ’ টাকা করে নিয়েছে এমন অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় সরকার নির্ধারিত ফি ১০০ টাকা হলেও রশিদ ছাড়াই স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ অতিরিক্ত ১০০ টাকাসহ মোট ২০০ টাকা নেয়ার অভিযোগ করেন নমুনা পরীক্ষা করতে আসা রোগীরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: দিলরুবা ইয়াসমিন লিজা জানান, সরকার নির্ধারিত ফি’র বাইরে কোনো সময়েই অতিরিক্ত টাকা আদায় করা হয়নি। নমুনা পরিক্ষায় ১০০ টাকা করে নেয়ার লিফলেট আগেও লাগানো ছিল। হয়তো কেউ তুলে ফেলেছে বিধায় এ সমস্যা হয়েছে। নমুনা পরিক্ষায় অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।









