গাজীপুরের কালিয়াকৈর এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ডাইনকিনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশ দুজনকে গভীর রাতে গ্রেফতার করেছে।

গ্রেফতার করা হয়েছে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড়ইতলীর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান শিহাব (২১) ও একই থানার শিমুলতলী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ছানোয়ার হোসেনকে (২৮)।

পুলিশ, ওই তরুণীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিজ পরিবারের সাথে অভিমান করে চট্রগ্রাম থেকে বৃহস্পতিবার রাতে ওই তরুণী বাসে করে কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে এসে বাস থেকে নামেন। এ সময় বাসের চালক জানতে পারেন তরুণী চট্রগ্রাম থেকে অভিমান করে চলে এসেছেন। কোথাও থাকার জায়গা না থাকায় বাসের চালক ওই তরুণীকে পাশের ডাইনকিনি এলাকায় নিয়ে ওই এলাকার একটি বাড়িতে তাকে রাতে থাকার ব্যবস্থা করেন।

পরের দিন শুক্রবার সকালে বাসের চালক মেহেদী হাসান শিহাব ওই তরুণীকে সেখান থেকে নিয়ে ওই এলাকার ছানোয়ার হোসেনের বাসায় নিয়ে তারা দুজন পালাক্রমে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানতে পেরে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ডাইনকিনি এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক মেহেদী হাসান শিহাব এবং ছানোয়ার হোসেনকে গ্রেফতার করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তরুণীকে উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত থাকলে বাকি আসামিদের গ্রেফতার করা হবে।