টাঙ্গাইলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। এতে যমুনা, ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী অন্তত ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজানের ঢল ও গত কয়েকদিনের বর্ষণের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার যমুনা নদীর পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে সখীপুর উপজেলার বড়চওনা-কালিহাতী সড়কে হামিদপুর চৈারাস্তা বাজার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ফলে ওই সড়ক দিয়ে ভারি যান চলাচল বন্ধ রয়েছে। বাসাইল উপজেলার নাটিয়াপাড়া সড়ক ভেঙে বাসাইলের সাথে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই উপজেলার বিলপাড়া মসজিদের সামনের রাস্তাটিও ভেঙে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার মানুষ।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, টাঙ্গাইলে তিনটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।