নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের দুই ছেলে তরিকুল ইসলাম পলাশ (১৮) ও জাহিদুল ইসলাম জাহিদের (২৬) নামে মামলা করা হয়েছে।
শনিবার বিকেলে ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই দু’জনের বিরুদ্ধে মামলাটি করেছেন।
অভিযুক্তরা নাসিক সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে।
সিরাজুল ইসলাম মন্ডল নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পরিচয় দিয়ে থাকেন।
মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, গত ২৩ জুলাই অভিযুক্ত পলাশ বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে নিজ বাড়িতে ধর্ষণ করে। আর অভিযুক্ত জাহিদ বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। একপর্যায়ে মামলা না করতে ভুক্তভোগী ও তার মাকে হুঁমকি দেয়।
তবে সাবেক কাউন্সিল সিরাজ মন্ডল শনিবার রাত ১০টার দিকে নয়া দিগন্তকে জানান, ধর্ষনের অভিযোগ সত্য নয়। ওই কিশোরীর সাথে আমার ছেলের বিয়ের কাবিন রয়েছে। আমাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো: শওকত জামিল বলেন, ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।









