পটুয়াখালীর দুমকিতে জেলা পরিষদ ও এলজিইডির ঠেলাঠেলিতে সংস্কারবিহীন লেবুখালী ভাড়ানি খালের পূর্বপাড়ের রাস্তাটি খালের পেটে চলে যাচ্ছে। লেবুখালী ব্রিজ থেকে ইউনিয়ন ভূমি অফিস হয়ে লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয় পর্যন্ত অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটির কয়েকটি পয়েন্টে ভেঙে খালের পেটে চলে যাওয়ায় জনচলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষত খালপাড়ের শতাধিক পরিবার, তহসিল অফিসের লোকজন, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চবিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিড়র-পরবর্তী সময়ে পটুয়াখালী জেলা পরিষদের অর্থায়নে লেবুখালী ভাড়ানী খালের পূর্বপাড়ের রাস্তাটি নির্মাণ করা হয়। পরবর্তী আইলা, নারগিস, আমফান, ইয়াসসহ বেশ কয়েকটি ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার করা হয়নি। জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হওয়ায় এ রাস্তাটিতে এলজিইডির পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে দুই দফতরের ঠেলাঠেলিতে সংস্কারবিহীন জনগুরুত্বপূর্ণ সড়কটি ভাড়ানী খালের ভাঙনে ক্রমে ক্রমে নিশ্চিহ্ন হতে চলছে।
সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, এক কিলোমিটার সড়কের অন্তত ৪-৫টি পয়েন্টে ২০-২৫ ফুট রাস্তার প্রায় অর্ধেকাংশ খালে বিলীন হয়ে গেছে এবং বাকি অংশটুকুও বিলীন হওয়ার পথে। এ ছাড়াও খালপাড়ের কোথাও কোথাও জোয়ার-ভাটায় পানি ওঠা-নামা করায় রাস্তা দুর্বল হয়ে ঝুঁকিতে রয়েছে। জোয়ারের পানিতে রাস্তার অভ্যন্তরে বাড়িঘর প্লাবিত হয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহতও হচ্ছে।
এ বিষয়ে লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম বলেন, প্রতিনিয়ত শিক্ষক-শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসতে যেতে হয়।
লেবুখালী ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন বলেন, রাস্তাটি সংস্কারের প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। জেলা পরিষদের রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে। বরাদ্দ পেলে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী শাহ জাহান বলেন, আমি নুতন এসেছি। তবে ওই এলাকার চেয়ারম্যান বা যে কেউ একটি লিখিত দিলে আমরা দ্রুত রাস্তা সংস্কারে পদক্ষেপ নিবো।
জেলা পরিষদ ও এলজিইডির ঠেলাঠেলি : খালের পেটে রাস্তা
পটুয়াখালীর দুমকিতে জেলা পরিষদ ও এলজিইডির ঠেলাঠেলিতে সংস্কারবিহীন লেবুখালী ভাড়ানি খালের পূর্বপাড়ের রাস্তাটি খালের পেটে চলে যাচ্ছে। লেবুখালী ব্রিজ থেকে ইউনিয়ন ভূমি অফিস হয়ে লেবুখালী...





