তাপদাহ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে পাবনার সাঁথিয়া উপজেলার জনজীবন। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। কয়েক দিন বৃষ্টি না হওয়া আর প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক, দিন মজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। সামান্য স্বস্তির ও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছায়াতলে। আর অতিরিক্ত গরমে একটু শীতল পরিবেশ ও স্বস্তির জন্য বিভিন্ন শরবত ও পানীয়র দোকানে ভিড় করছেন তারা।
মতিন উদ্দিন নামের এক কিরশাচালক বলেন, প্রচণ্ড গরম আর রোদের কারণে রিকশাচালাতে খুব কষ্ট হচ্ছে। একই সাথে কোনো যাত্রীও মিলছে না। তারপরও পেটের দায়ে রিকশা চালাচ্ছি।
ইমরান রহমান নামের এক শ্রমিক বলেন, গরমে কাজ করতে পারছি না। তাই ছায়ায় বসে আছি। মাঝে মধ্যে দুই এক গ্লাস শরবত পান করছি। কিছু তো করার নেই।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মামুন আব্দুল্লাহ বলেন, প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সাঁথিয়ার জনজীবন। তাই স্যালাইনের সাথে প্রচুর পরিমাণ পরিষ্কার খাবার পানি আর ঠাণ্ডা স্থানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।





