আওয়ামী লীগের তিন গ্রুপের কর্মসূচীকে ঘিরে নোয়াখালীর পৌর এলাকায় সোমবার চলমান ১৪৪ ধারা ভঙ্গ করে মাইজদী শহরে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের হাতে আটক হওয়া স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অনুসারী ১১ নেতাকর্মী জামিন পেয়েছেন।
মঙ্গলবার বিকেলে তাদেরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সাঈদ আল নাঁহীর আদালতে হাজির করে সুধারাম থানা পুলিশ। শুনানি শেষে তাদেরকে জামিন দেয় আদালত। নোয়াখালী কোর্ট পরিদর্শক-১ মো: শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জামিন প্রাপ্তরা হলেন, জাহিদুল ইসলাম (১৯), বিজয় রবি দাস (১৯), হাবিবুর রহমান (১৮), ইফরান আহাম্মেদ (২০), জাহিদ হোসেন (১৮), বিজয় (১৪), মো: রাসেল (২১), মো: আরজু (২৫), মো: জিহাদ (২০), মাহফুজুর রহমান (২১), মো: সোহেল (২৯)।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের তিন গ্রুপের কর্মসূচীকে গিরে নোয়াখালী পৌর এলাকায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক খোরশেদ আলম। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ১৪৪ ধারা অমান্য করে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অনুসারী ৩০ থেকে ৪০ জনের একটি দল নোয়াখালী গণপূর্ত ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশের সাথে মিছিল কারীরা হাতাহাতিতে লিপ্ত হয়। এসময় পুলিশ লাঠি চার্জ করে এবং ১১ নেতাকর্মীকে আটক করে সুধারাম থানায় নিয়ে যায়।
এই ঘটনায় সোমবার রাতে সুধারাম মডেল থানার এসআই সুজন ১৮৮ ধারায় একটি মামলা করেন। ওই মামলায় আটক ১১ নেতা কর্মীকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয়।









