নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় পানিতে ডুবে শাকিব মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার দক্ষিণচরপাড়া গ্রামে বাড়ির পাশে একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
শাকিব মিয়া দক্ষিণচরপাড়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শাকিব বাড়ির পাশে খেলা করছিল। পরে দুপুরের দিকে তাকে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ হজিরুল আলম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।









