পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরসহ কয়েকজন নেতাকর্মীর ওপর ঢাকায় হামলার ঘটনার প্রতিবাদে মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা যৌথ উদ্যোগে মিছিলটি বের করে। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে পৌর আওযামী লীগ সহ-সভাপতি হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সহ-সভাপতি নাসির আহমেদ মাতুব্বর, যুবলীগ নেতা বাবু শরীফ, সিপন হাওলাদার, তৌহিদ মাসুম, শাহ আলম সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গোপাল রায়, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হেলাল, আবু ইউসুফ রায়হান, মাহাবুবুর রহমান আকাশ ও নাজমুল ইসলাম মুন্না প্রমুখ।
এ সময় বক্তারা হামলার জন্য ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খানকে দায়ী করে দল থেকে বহিষ্কারের দাবি জানান। এ সময় বায়জিদ আহমেদ খানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ দিকে মঠবাড়িয়া পৌর শহরের টান টান উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: নুরুল ইসলাম বাদল জানান, পৌর শহরে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





