গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, সবেমাত্র উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। আমি গত তিন বছরে ৮০০ কিলোমিটার রাস্তার কাজ ধরেছি। আপনাদের সহযোগিতায় পুরো নগরীর চেহারাটা পাল্টে দিতে চাই। যতদিন পর্যন্ত আমার কাজ শেষ না হবে, তত দিন পর্যন্ত আমি ‘আপনাদের’ বেতনভাতা নেব না।
গাসিক মেয়র গতকাল রোববার নগরীর টঙ্গী অঞ্চলের ৫৪ নম্বর ওয়ার্ডের আউচপাড়া ভেঙ্গিরবাড়ি গভীর নলকূপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সারওয়ার আলম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা সোহেল খন্দকার, আকাশ মো: আক্কাস, এলাকার নিরাপত্তা বাহিনীর সভাপতি মো: ফজলুল হক হাওলাদার, প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মেয়র টঙ্গীবাসীর উদ্দেশে বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে আপনারা এখনো ঘর থেকে বের হতে পারেন না। অথচ ৪৭ বছর আগে টঙ্গী পৌরসভা হয়েছিল। আমার আগে যিনি টানা ১৮ বছর পৌরসভার দায়িত্ব পালন করেছেন এবং এর আগেও পর্যায়ক্রমে যারা দায়িত্বে ছিলেন তারা কী করেছেন? তারা কোনো সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করেননি। বরং হারাম খেয়ে যত্রতত্র বাড়িঘর করার অনুমোদন দিয়েছেন, এখন আমাকে দোষেন। তিনি বলেন, টঙ্গীতে এখনো নেতৃত্বের সমস্যা আছে। নেতাদের বাধার কারণে এখানে রাস্তা করতে পারি না। ফলে ৪৬টি রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। ‘যিনি ভোট দিয়েছেন তার বাড়ি রক্ষার চেষ্টা করেন, আর যিনি ভোট দেন নাই তার বাড়ি ভাঙতে বলেন।’ এসব নোংরা ও ভাওতাবাজি রাজনীতির কারণে ৪৬টি রাস্তার কাজ টঙ্গী থেকে সরে যাচ্ছেÑ মন্তব্য করেন মেয়র।