গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শিমুতলা এলাকায় শ্যালোচালিত ভটভটির চাপায় ইউনুস আলী (৪৫) নামের এক অটোযাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ওই এলাকায় এ ঘটনা ঘটে।
ইউনুস আলী কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ইউনুস আলী অটোবাইকে যাওয়ার সময় শিমুলতলা এলাকায় পৌঁছালে অপর একটি মাছবাহী ভটভটি তাকে চাপা দেয়। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাছবাহী ভটভটিটি আটক করা হয়েছে।





