গাজীপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু রিয়ার লাশ মঙ্গলবার উদ্ধার করেছে ফায়ার সার্ভিসি। নিহত রিয়া আক্তার (১০) গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকার সোলাইমান হোসেনের মেয়ে। এর আগে সোমবার নিহত রিয়ার বড় বোন রিচি আক্তার (১৫) এবং একই গ্রামের হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪) ও মঞ্জুর হোসেনের মেয়ে মায়া আক্তারের (১৪) লাশ উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আব্দুল জলিল জানান, সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকার প্রতিবেশী পাঁচ কিশোরী বাড়ির পাশের তুরাগ ও সালদো নদীর মোহনায় গোসল করতে যায়। তারা পানিতে নামলে স্রোতের টানে চার কিশোরী গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রিচি’র লাশ উদ্ধার করে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পানিতে উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে আইরিন ও মায়া আক্তারের লাশ পানির নিচ থেকে উদ্ধার করেন। তবে সন্ধ্যার পর পর্যন্ত নিখোঁজ রিয়া আক্তারের সন্ধান পাওয়া যায়নি। এদিন রাতে অন্ধকার হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করেন। অপর নিখোঁজ রিয়া আক্তারের সন্ধানে পর দিন মঙ্গলবার আবার উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। দ্বিতীয় দিনের অভিযানের একপর্যায়ে বিকেল চারটার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দুরে ঝোপের পাশে পানিতে ভেসে ওঠা নিখোঁজ রিয়ার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে সোমবারের ওই ঘটনায় নিহত দুই বোনসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।









