নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এশিয়ান হাইওয়ে সড়কের সাদিপুর ইউনিয়নের বৈরিবাড়ি এলাকায় তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা হয়।

নিহত মো: আমির হোসেন জামপুর ইউনিয়নের নানাবো এলাকার আব্দুল আজিমের ছেলে। তিনি জামপুর ইউনিয়নের বস্তল বউবাজারে একটি ফার্মেসির মালিক। পাশাপাশি ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে বিভিন্ন এলাকায় ওষুধ সরবরাহ করতেন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এশিয়ান হাইওয়ের বৈরিবাড়ি এলাকা দিয়ে আমির হোসেন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।