লাকসামে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিষ।

বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর পশ্চিম গাঁও প্রফেসর কলোনীতে মো. আবুল জলিলের টিনসেড মেস মো. সাফায়েত উল্লাহ (২১), মো. জাহেদুল ইসলাম (২০), মো. রাকিব হোসেন (২১), মো. আব্দুল জলিল (৪৮), মহিউদ্দিন সোহাগ (৪২) ও আজিজুল হক মামুনকে (২৫) গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের থেকে সাইয়েদ আবুল আ’লা মওদূদী রচিত ‘তাওহীদ রেসালাত ও আখেরাত’, ‘ইসলামী আন্দোলনঃ সাফল্যের শর্তাবলী, ড. আলী তানতাবী রচিত ‘হে আমার মেয়ে’, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রচিত ‘মরণ একদিন আসবেই’, ‘এসো আলোর পথে’, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংবিধান, ইবনে মাসুম রচিত ‘মুক্তির পয়গামসহ বেশ কিছু বই, রেজিস্ট্রার, ফরম, তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইয়া জানান, এ ঘটনায় থানার উপপুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম অজ্ঞাতনামাসহ ৬০ থেকে ৬৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন। বিকেলে গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।