নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। তাকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমানের চিঠি পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিজ্ঞপ্তি জারি করেন।

সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদে বিজ্ঞপ্তিটি নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার কাছে হস্তান্তর করেন রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান ও সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমসহ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

গত ২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোশারফ হোসেনের মৃত্যু হলে পদটি শূন্য হয়। পরে ২ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর ভোট হওয়ার কথা ছিল। যদিও এই উপ-নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন পাঁচজন। কিন্তু মনোনয়নপত্র জমার শেষ দিন ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী সামসুল ইসলাম ভূঁইয়া ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে একক প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া নির্বাচিত হয়ে গেলেন।