পটুয়াখালীর দুমকিতে নির্মাণের ছয় মাসেই নদীতে ভেঙে যাচ্ছে এলজিইডির সড়ক। দ্রুত ব্যবস্থা নেয়া না হলে পুরোটা ভেঙে বিচ্ছিন্ন হতে পারে ওই এলাকার সড়ক যোগাযোগ।
সরেজমিন পরিদর্শনে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের কচাবুনিয়া নদীর পশ্চিমপার নেছারিয়া মাদরাসা থেকে পুকুরজানা বাজার সড়কের মাঝামাঝি অন্তত ৬০ মিটার পাকা সড়কের প্রায় অর্ধেকাংশ নদীতে ভেঙে পড়েছে। বকি অর্ধেকটায়ও ফাটল ধরেছে। স্থানীয়দের অভিযোগ, নদীর তীরে পাইলিং বা সাপোর্টিং না থাকায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সড়কটি মাত্র ছয় মাসেই ভেঙে পড়েছে।
পাঙ্গাশিয়া তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারা বেগম জানান, নদীতে ভেঙে পড়া রাস্তা দিয়ে স্কুলের বেশির ভাগ ছাত্রছাত্রীদের নিয়মিত যাতায়াত করতে হয়। এসব শিশু শিক্ষার্থীদের নিয়ে আমাদের চরম দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। সড়ক যোগাযোগ রক্ষায় ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।
ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলীকে ত্বরিৎ ব্যবস্থা নিতে বলা হয়েছে। যতদ্রুত সম্ভব মেরামত কাজ শুরু করা হবে।