ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের যোগাযোগ ব্যবস্থা অনেক পিছিয়ে রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এখানে অনেক কাজ করতে হবে। অনেক রাস্তা, ব্রিজ দরকার। প্রয়োজন নদী রক্ষার জন্য বাঁধ নির্মাণ। নবীনগরের উন্নয়নে সবকিছুই করা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান এমপি। বুধবার বিকেলে হেলিকপ্টারযোগে নবীনগরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, এক মন্ত্রণালয় দিয়ে এখানে এত কাজ সম্ভব হবে না। বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে নবীনগরের উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে হবে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকেও নবীনগরের চলমান কাজগুলোর জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থার কথা জানান।

এ সময় তিনি সারাদেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

জনসভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন নসু, পৌর মেয়র অ্যাডভোকেট শিব সঙ্কর দাস, মো: নাছির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ২০টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে এক পথসভায় বক্তব্য রাখেন।