‘বাবা-মা ক্ষমা করো। গুড বাই।’ এমন নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
মৃত শিক্ষার্থী তাহমিদুর রহমান জামিল (২২) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহীবাগ এলাকার বজলার রহমানের ছেলে। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সহপাঠীদের বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার সাফল্য ছাত্রাবাসে থাকতেন শিক্ষার্থী তাহমিদুর রহমান জামিল। পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাত্রাবাসে নিজকক্ষে ফ্যানের হুকের সাথে ব্যাগের বেল্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তার সাড়া শব্দ না পেয়ে কক্ষের দরজা খুলে তাকে ঝুলতে দেখে থানায় খবর দেন তার সহপাঠীরা। পরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ওসি আমিনুল বলেন, তার কক্ষ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। সেখানে ‘মানসিক যন্ত্রণায়’ ভুগছেন তিনি। হতাশা পেয়ে বসেছে তাকে। কোনো কিছুতে স্বস্থি পাচ্ছেন না। ‘বাবা-মা ক্ষমা করো। গুড বাই’। এরকম কিছু কথা লিখে গেছেন। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তারপরও ময়নাতদন্ত করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।
তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





