চট্টগ্রামের হাটহাজারীর একটি বিয়ে বাড়িতে সীমানা দেয়াল ধসে মো: সাকিল সবুজ (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর দুইটার দিকে হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কড়িয়ার দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
দেয়াল ধসে গুরুতর আহত হয়েছেন বিয়ে বাড়ির বর নজরুল (২৫) ও অপর এক শিশু।
নজরুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, জুমার নামাজ শেষে সবুজ ও নজরুল দুই ভাই ঘরে ফিরছিল। এ সময় ঘরের পাশে এলেই বাড়ির প্রতিবেশির সীমানা দেয়ালটি তাদের গায়ের ওপর ধসে পড়ে। এ সময় মসজিদ থেকে আসা অপর মুসল্লিরা তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মো: সাকিল সবুজকে মৃত ঘোষণা করেন এবং নজরুলকে চমেক হাসপাতালে পাঠান।
আজ মৃতের ভাই নজরুলের মেহদী অনুষ্ঠান ছিল। তাই বড় ভাই বর নজরুলকে নিয়ে সকাল থেকে নানা অনুষ্ঠানের পরিকল্পনা ছিল সবুজের। মসজিদে জুমার নামাজও একসাথে আদায় করেছিল দু’জনে।







