বগুড়ার নন্দীগ্রামে মানসিক বিকারগ্রস্ত ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় বোন আজমী আরা (৪২) নিহত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর মানসিক বিকারগ্রস্ত মোকছেদ আলীকে (২৩) বাড়িতেই শিকল দিয়ে বেঁধে রাখা হয়। নিহত আজমী আরা ও মোকছেদ আলী মৃত কোরবান আলীর ছেলে-মেয়ে। আজমী আরা একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, মোকছেদ আলী মানসিক বিকারগ্রস্ত হওয়ায় গত পাঁচ বছর ধরে একই গ্রামে তার বড় বোনের বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। শুক্রবার তাকে গোসল করানোর জন্য বড় বোন আজমী আরা কিছু সময়ের জন্য শিকল খুলে দিয়ে সংসারের কাজ করছিলেন। মোকছেদ এই সুযোগে একটি মোটা লাঠি নিয়ে বড় বোনের মাথায় আঘাত করে। এতে বড় বোন আজমী আরা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যায়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। মোকছেদ আলী মানসিক বিকারগ্রস্ত ছিল। লাশ মর্গে পাঠানো হয়েছে।