ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লা থেকে লাকসাম পর্যন্ত ২৩ কিলোমিটার রেললাইন ডুয়েলগেজ ডাবল লাইন এবং লাকসাম রেলওয়ে জংশন আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন শনিবার লাকসাম রেলওয়ে জংশনে এর উদ্বোধন করেন।
ঢাকা চট্টগ্রাম রেলপথের আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার রেললাইন ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হলেও কাজ এখনো শেষ হয়নি। করোনাভাইরাস, ভূমি অধিগ্রহণ, প্রকল্পের কিছু জায়গায় মাটি ব্যবহারের উপযোগী (সয়েল ট্রিটমেন্ট) করাসহ নানা জটিলতায় কাজ সময়মতো শেষ হয়নি। তাই প্রকল্পের মেয়াদ আরো দুই বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে কুমিল্লা থেকে লাকসাম পর্যন্ত ২৩ কিলোমিটার কাজ পুরোপুরি শেষ হওয়ায় তা ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এর ফলে কুমিল্লা থেকে লাকসাম পর্যন্ত ট্রেন অপারেশনে আগের চেয়ে ১৫-২০ মিনিট সময় কমে যাবে।





