হঠাৎ ঝড়ের কবলে পড়ে চাঁপাইনবাবগঞ্জে প্রমত্তা পদ্মায় নৌকাডুবিতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ২২ জন নিখোঁজ রয়েছে।
বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফার বেগম (৬২) ও তার নাতি ১৮ মাস বয়সী শিশু সিয়াম আলী।
স্থানীয়রা জানান, উপজেলার বোগলাউড়ি ঘাট থেকে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশ রশিয়ার উদ্দেশে রওনা দেয়। দুপুর সোয়া ২টার দিকে নৌকাটি লক্ষীপুর এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। এতে নৌকাটি মুহূর্তে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার অভিযানে নামে। এ সময় নিলুফার ও সিয়ামের লাশ উদ্ধার করা হয়।
দুজনের মৃত্যু নিশ্চিত করে পাঁকা ইউপি চেয়ারম্যান জানান, আরো অন্তত ২০/২২ জন নিখোঁজ রয়েছে।
শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি দুজনের মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌকায় ৩০/৪০ জন যাত্রী ছাড়াও মালামাল ছিল। দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। স্রোতের কারণে অনেকে ভেসে গিয়ে বিভিন্ন স্থানে উঠেছে। পুলিশ ও ফার্য়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।









