‘ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি’ করার অভিযোগে গাজীপুর জেলা যুবদল থেকে একযোগে ২০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। জেলার শ্রীপুর উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সহ-সভাপতি লিয়াকত আলী জানান, ২৩ সেপ্টেম্বর শ্রীপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদের শ্রীপুরের রাজনীতিতে কোনো সম্পৃক্ততা নেই। বরং তাদের মধ্যে একজন যুগ্ম আহ্বায়কের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ঘোষিত কমিটির নেতারা তাদের নিজ নিজ ইউনিয়ন থেকেও বিতাড়িত।
তারা অভিযোগ করে আরো বলেন, শ্রীপুরের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তাই গাজীপুর জেলা যুবদলের কমিটিতে থাকা শ্রীপুরের সব নেতা একযোগে পদত্যাগের এ ঘোষণা দেন।
এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির জানান, যুবদলের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতাদের পরামর্শক্রমেই এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।









