গাজীপুরে মায়ের হাত ধরে হেটে সড়ক পার হওয়ার সময় অটোরিকশাচাপায় লায়লা আফরোজা (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কোনাবাড়ি থানার কাশিমপুর জেলখানা রোডের আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লায়লা আফরোজা সে ময়মনসিংহের ত্রিশাল থানার কাটাখালী এলাকার মো: ফখরুল হকের মেয়ে।

জিএমপির কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানার দেওলিয়াবাড়ি এলাকায় স্বপরিবারে ভাড়া বাসায় থেকে এলাকায় রিকশা চালান ফখরুল। তার স্ত্রী রোজিনা বেগম ঝুটের গোডাউনে কাজ করেন। বৃহস্পতিবার সকালে মায়ের হাত ধরে হেটে আলীনগর এলাকায় কাশিমপুর জেলখানা সড়ক পার হচ্ছিল ফখরুলের শিশু সন্তান আফরোজা। এসময় সড়ক পার হওয়ার আগেই একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা আফরোজাকে উদ্ধার করে কোনাবাড়ি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং অটোরিকশাটি জব্দ করে। তবে ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।