কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে হত্যার শিকার রোহিঙ্গা নেতা মো: মুহিবুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার আসর নামাজের পর উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট ২ নম্বর কেন্দ্রে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে অদূরবর্তী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

জানাজায় হাজার হাজার রোহিঙ্গা অংশ নেয়।

এ দিকে নিহত রোহিঙ্গা নেতার পরিবার এই হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং ক্যাম্পের লম্বাশিয়ায় অবস্থিত এআরএসপিএইচ কার্যালয়ে একদল অস্ত্রধারী তাকে গুলি করে।

রোহিঙ্গারা জানায়, মুহিবুল্লাহ ৯ সন্তানের জনক। মিয়ানমারে থাকতে তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন। শিক্ষকতার সূত্রে তিনি ‘মাস্টার মুহিবুল্লাহ’ নামেও পরিচিত ছিলেন।

উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, ‘উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ক্যাম্পে যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।