কুমিল্লার নাঙ্গলকোটে গাছ কাটতে গিয়ে গাছ কাটা শ্রমিক পারভেজের (২৪) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের কৈরাশ গ্রামের কুয়েত প্রবাসী গোলাম আজমের বাড়িতে।

পারভেজ ওই গ্রামের মৃত এয়াকুবের ছেলে। তার পরান নামে দুই বছরের একটি ছেলে রয়েছে। পারভেজ উপজেলার বটতলী ইউনিয়নের কাশিপুর গ্রামের ইয়াছিনের মেয়েকে বিয়ে করেন। গত দুই বছর ধরে পারভেজ শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।

জানা যায়, পারভেজ শুক্রবার সকাল থেকে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের কৈরাশ গ্রামের কুয়েত প্রবাসী গোলাম আজমের বাড়িতে চুক্তির ভিত্তিতে গাছ কাটার শ্রমিক হিসেবে গাছ কাটছিলেন। এ সময় দুপুর আনুমানিক আড়াইটার দিকে গাছের ডাল কেটে রশি দিয়ে নামাতে গিয়ে রশি পারভেজের গলায় ফাঁস লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে অবস্থান করছে।